নিজস্ব প্রতিবেদক ।। খোঁজনিউজবিডি.কম: সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জন বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক থাকার কারনে তাৎক্ষণিক ওই ব্যক্তিদের বাংলাদেশে ঢোকানো সম্ভব হয়নি। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোট নিয়ে কালিন্দী নদীর মধ্যস্থ চর এলাকার ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট নামক স্থানে আসে। সেখানে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে এলে বিজিবি সদস্যরা প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তাঁদের বাংলাদেশে ঢোকাতে ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৭ বিজিবি প্রস্তুত রয়েছে।
সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা বিএসএফের
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- ৬ বার
ট্যাগ :
জনপ্রিয়





















