সকালে আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে সাতক্ষীরার আবহাওয়া। বেলা সাড়ে ১১টার দিকে উপকূলীয় এলাকায় বাতাসের গতি বাড়ে। এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে শুরু হয় বৃষ্টি। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে জেলার উপকূলীয় এলাকায় এমন আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যে সাতক্ষীরায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন জেলায় বৃষ্টির প্রবণতা থাকতে পারে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। খুলনা বিভাগের অনেক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। খুলনা ও আশপাশের নদী অববাহিকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, সাতক্ষীরায় বর্তমানে ৩ নম্বর সংকেত চলছে। আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই বৃষ্টির চাপ থাকতে পারে। লঘুচাপের প্রভাবে নদী ও সাগরে অবস্থানরত জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে নদী বা সাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে নিরাপদ স্থানে রাখার জন্য বলা হয়েছে।
সাতক্ষীরা উপকূলে লঘুচাপের প্রভাবে বৃষ্টি, ৩ নম্বর সংকেত
-
খোঁজ নিউজ ডেস্ক - আপডেট টাইম : ০২:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- ৭ বার
ট্যাগ :
জনপ্রিয়




















