নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভা হয়। পরে সেখান থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের ভূমিকা স্মরণীয়। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে নারীদের অংশগ্রহণ ও ত্যাগ গুরুত্বপূর্ণ। তিনি শহীদ জিয়ার আদর্শ ও খালেদা জিয়ার নির্দেশনা অনুসরণ করে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু ও জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন।
বিশেষ অতিথিরা মহিলা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা ও সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া বক্তব্য দেন। উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী ঝরনা খাতুন, তালা উপজেলা সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, আশাশুনি উপজেলা সভানেত্রী কামরুন নাহার কছি এবং দেবহাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি র্যালি বের হয়। শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা থেকে আসা মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
রিপোর্টার 




















