নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই নিয়মিত কাজ করছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘মানুষের বাগান’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। এরই মধ্যে নতুন নাটক ‘লালপরী’ নিয়ে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। নাটকটি ঘিরে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল ও নানা জল্পনা। জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত ‘লালপরী’র একটি রহস্যঘেরা অফিশিয়াল পোস্টার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন স্পর্শিয়া। পোস্টারে ফুটে ওঠা পরাবাস্তব আবহ এবং তার রহস্যময় ক্যাপশন দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
পোস্টারের সঙ্গে স্পর্শিয়া লেখেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশপাশেই?’ তার এ প্রশ্ন নাটকটির গল্প নিয়ে রহস্য আরো বাড়িয়ে দিয়েছে। তবে জল্পনার মধ্যেই নাটকটি নিয়ে একটি বিষয় স্পষ্ট করেছেন স্পর্শিয়া। তিনি বলেন, ‘লালপরী কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক। নাটকটিতে আমার বিপরীতে সহশিল্পী হিসেবে রয়েছেন ফররুখ আহমেদ রেহান।’
গল্পের বিষয়বস্তু নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না স্পর্শিয়া। তিনি বলেন, ‘গল্পের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ মাত্রই আমাদের ফার্স্ট লুক রিলিজ হয়েছে। ট্রেলার প্রকাশের পরই হয়তো গল্প নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।’
ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই স্পর্শিয়ার নতুন চরিত্র ও নাটকের আবহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন অনুরাগীরা। তবে ‘লালপরী’র গল্পে কী থাকছে, সেই রহস্য এখনো জিইয়ে রেখেছেন নির্মাতা ও অভিনেত্রী। উল্লেখ্য, নুরুল আলম আতিক পরিচালিত স্পর্শিয়া অভিনীত ‘মানুষের বাগান’ আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হয়েছে। সিনেমাটি ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ফিচার ফিল্ম অন সোশ্যাল ইস্যুজ’ এবং নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৬তম নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে ‘বেস্ট ক্রিটিকস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
বিনোদন ডেস্ক 





















