সাতক্ষীরায় জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইনবিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা সদর ট্রাফিকের আয়োজনে জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক সমিতির সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। বক্তব্যে পুলিশ সুপার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মোটর শ্রমিকদের নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে যানবাহন পরিচালনা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন, ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, শৃঙ্খলা ও মানবিকতার পরিচয় দেওয়ার জন্যও তিনি মোটর শ্রমিকদের প্রতি আহ্বান জানান। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান, সদর ট্রাফিকের টিআই (অ্যাডমিন) গৌরঙ্গ পাল, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফসহ মোটর শ্রমিকরা।
সাতক্ষীরায় ট্রাফিক আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা
-
খোঁজ নিউজ ডেস্ক - আপডেট টাইম : ০৪:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- ১২ বার
ট্যাগ :
ট্রাফিক আইন
জনপ্রিয়






















